শেখ হাসিনার উদ্দেশে চিফ প্রসিকিউটর
ডিসেম্বর-জানুয়ারি নয়, আপনাকে কালকেই চাই
আমিনুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৮:০৯
| প্রিন্ট সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন– এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব, কোনো স্ট্যান্টবাজি করবেন না। এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না।’
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজিত অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন চিফ প্রসিকিউটর। গতকাল শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলাকেন্দ্রে ‘অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’ অনুষ্ঠানের আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন একটি রাজনৈতিক বাস্তবতা পেয়েছে। সেই আত্মত্যাগের স্বীকৃতি দিতে হবে এবং বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করা যাবে না।
ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারা এখন প্রকাশ্যে দেশে ফেরার তারিখ ঘোষণা করছে। সামাজিক মাধ্যমেও তাদের সমর্থকদের সক্রিয়তা বেড়েছে। তিনি বলেন, ‘এই দুঃসাহস তাদের হওয়ার কথা ছিল না। এটি সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতার বহিঃপ্রকাশ।’
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন, জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ ছাড়াও রাজনৈতিক দলের নেতা, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। \
- বিষয় :
- আমিনুল ইসলাম