এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে জলাবদ্ধতা, যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ
ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৪:১৯ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১৪:৩৩
রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে বিমানবন্দর সড়কের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছে। কাকলী, বনানী, খিলক্ষেতসহ আশপাশের বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প এলাকায়। র্যাম্প দিয়ে নামা গাড়িগুলো নিচের ধীরগতির যানবাহনের সঙ্গে একত্রিত হওয়ায় ওই অংশে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। র্যাম্পের নিচে পানি জমে থাকায় অনেক যানবাহনকে গতি কমিয়ে চলতে হচ্ছে, যার প্রভাব পড়ে আশপাশের সড়কেও।
এ পরিস্থিতিতে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় গুলশান ট্রাফিক বিভাগ বলেছে, টানা বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্পের নিচের অংশ, খিলক্ষেত এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় উল্লেখযোগ্য জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীর হয়ে পড়েছে এবং কোথাও কোথাও দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
বিশেষ করে কাকলী মোড় এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে বাড়তি সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে মোটরযান চালক ও পথচারীদের জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে চলাচল, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ।