গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান তারিক
সুব্রত চৌধুরী ও হাসান তারিক চৌধুরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৭:০০
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরীকে সভাপতি এবং হাসান তারিক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংগঠনের অষ্টম জাতীয় সম্মেলন শেষে শনিবার এই কমিটি গঠন করা হয়। অ্যাডভোকেট মো. ইয়াহিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এমপি।
দীর্ঘদিন বিভাজিত সংগঠনের দুটি অংশ ঐক্যবদ্ধ হয়ে সম্মেলনে সারাদেশ থেকে জেলা বারের আইনজীবী প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে তারা আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন বিচার বিভাগ এবং মুক্তিযুদ্ধের আদর্শে সংবিধান পুনর্বহালের দাবি জানান।
আগামী তিন বছরের জন্য নির্বাচিত কমিটির অন্যরা হলেন- সহসভাপতি তিনজন যথাক্রমে অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আসাদুল্লাহ তারা ও আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ সাগরিকা ইসলাম, দপ্তর সম্পাদক রাম চন্দ্র দাশ প্রমুখ।
- বিষয় :
- সুপ্রিম কোর্ট
- আইনজীবী সমিতি
- কমিটি গঠন