৫ দিন পর চালু কক্সবাজারের ট্রেন চলাচল
রেললাইন পানিতে ডুবে থাকায় আটকা পড়ে ঢাকা ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন। ছবিটি বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের মুরাপুর এলাকা থেকে তোলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২৩:৫০
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যায় ৫ দিন বন্ধ থাকার পর রোববার কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ দুপুর দেড়টার পর চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় ঢাকা থেকে যাত্রা করা পর্যটক এক্সপ্রেস।
রেলপথ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জান আলীহাট ও ষোলশহর স্টেশন মধ্যবর্তী সেকশন ডুবে যাওয়ায়, ট্রেন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায়, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়।
৭ জুলাই কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হলেও, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলছিল কক্সবাজারের ট্রেন। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে রেলওয়ের পরিচালক আনিসুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
এদিকে আজ রাজধানী ঢাকায় ভারী বর্ষণে তেজগাঁও, মগবাজার এলাকার রেলপথ ডুবে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ না হলেও ধীরগতিতে যাত্রীবাহী ট্রেন চালানো হয় সতর্কতার অংশ হিসেবে। তাই সব ট্রেন আজ কিছুটা বিলম্বে চলে।
- বিষয় :
- ট্রেন
- কক্সাবাজার
- ট্রেন চলাচল