প্রত্যেক উপজেলা সদরে কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৭:৪৬
সরকার প্রত্যেকটা উপজেলা সদরে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল গফুরের এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা সারাদেশে প্রত্যেকটি উপজেলায় ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে ল্যাবরেটরির সকল ইকুইপমেন্ট আমদানির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও এক্স-রে মেশিন, ব্লাড এক্সামিনেশন মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন প্রত্যেকটা উপজেলায় দিতে যাচ্ছি এবং এ কার্যক্রম গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, জেলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি উপজেলা সদরেও ১০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। আশা করি মাননীয় সদস্য, উনার যদি এরপরও আরও কিছু দাবি থাকে, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সংসদ সদস্য হিসেবে আপ্রাণ চেষ্টা করব উনাকে সন্তুষ্ট করার।’