জুলাই শহীদ দিবস পালনে মাদ্রাসাগুলোকে নির্দেশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২০:২৪
জুলাই শহীদ দিবস পালন ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে দেশের মাদ্রাসাগুলোর জন্য পৃথক দুটি জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তাদের এই দুই আয়োজনে অংশ নিতে বলা হয়েছে। আজ সোমবার বোর্ডের প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বোর্ডের অধীন দেশের সব মাদ্রাসায় সুবিধাজনক সময়ে জুলাই শহীদদের স্মরণে স্মরণসভা এবং বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে জারি করা আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তৃণমূল পর্যায়ে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের খুঁজে বের করা, তাদের দক্ষতা বিকাশ এবং ক্রীড়ামুখী মানবসম্পদ গড়ে তোলার উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
ঢাকা মহানগরে অবস্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সব মাদ্রাসার শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, দুই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যথাযথ প্রস্তুতি গ্রহণ এবং বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে হবে।