ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় দোষীদের শাস্তি দাবি মহিলা পরিষদের

রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় দোষীদের শাস্তি দাবি মহিলা পরিষদের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২৩:৪৭

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে (৭০) নির্মমভাবে হত্যা এবং তাঁর কষ্টার্জিত অর্থ লুটের ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৪ জুলাই দিবাগত রাতে দুর্বৃত্তরা মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে এবং তার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ লুট করে নিয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, ববি বেগম দীর্ঘদিন ধরে স্টেশনটির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তিনি নিজের কষ্টার্জিত অর্থ নিজের কাছেই সংরক্ষণ করতেন। সেই অর্থ লুটের উদ্দেশ্যেই তার ওপর এ নৃশংস হামলা চালানো হয়েছে বলে সংবাদমাধ্যমে উঠে এসেছে। একজন প্রবীণ ও বাক্প্রতিবন্ধী নারীর ওপর এমন বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ড সমাজে নারী, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক নারীদের নিরাপত্তাহীনতার পাশাপাশি সামাজিক অবক্ষয়ের উদ্বেগজনক চিত্র তুলে ধরে বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ অবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।

একই সঙ্গে নারীসহ প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন

×