ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মুজিববর্ষ ও ম্যুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয়ের তথ্য এসেছে: দুদক

মুজিববর্ষ ও ম্যুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয়ের তথ্য এসেছে: দুদক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০২:২০

মুজিববর্ষ পালন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় নিয়ে সরকারের বিভিন্ন দপ্ত‌র থেকে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের লক্ষে কমিশনের যৌথ অনুসন্ধান টিম (জিট) সংশ্লিষ্ট দপ্ত‌রগুলোতে চিঠি পাঠিয়েছিল।

ওইসব চিঠির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দপ্ত‌র থেকে ওই দু'টি খাতে সরকারি অর্থ অপচয়ের তথ্য পাঠানো হয়েছে। অনুসন্ধান টিমের সদস্যরা ওইসব তথ্য যাচাইও করছে।

সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সমকালকে বলেন, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের লক্ষে জিট সরকারের বিভিন্ন দপ্ত‌রে চিঠি পাঠায়। অনেক দপ্ত‌র ওইসব চিঠির পরিপ্রেক্ষিতে তথ্য পাঠিয়েছে। দুদক, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, সিআইডি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে।

দুদক সূত্র জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিবর্ষ পালন ও সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দশ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগ রয়েছে।

সূত্র আরও জানায়, চার হাজার কোটি টাকা খরচ করে সাবেক আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উদযাপন করেছে। সেসময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছাড়াও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় ও ক্ষতিসাধন করা হয়েছে। সম্প্রতি এ নিয়ে একটি অভিযোগ কমিশনে জমা পড়লে কমিশন সেটি যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। 

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

×