চট্টগ্রাম-২
সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা স্থগিত চান জামায়াতের পরাজিত প্রার্থী
চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকে শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৩:১৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করা হয়েছে।
একই আসনের জামায়াতের পরাজিত প্রার্থী মুহম্মদ নুরুল আমিনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব গতকাল সোমবার এ তারিখ দেন।
আবেদনটির ওপর আগামী রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। দাখিল করা আবেদনে চলতি সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে সরোয়ারকে বিরত রাখার আরজিও রয়েছে।
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে গত ৯ জুলাই রায় দেন হাইকোর্ট। ওই দিনই বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ওইদিন সন্ধ্যায় চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকে সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করান স্পিকার।
এরপর হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। আবেদনটি সোমবার শুনানি হয়।
আদালতে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।