রাজধানী ঢাকার ৪১৬ বছর
‘হৃদয়ে ঢাকা’ উৎসব করবে ডিএসসিসি
ছবি : সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৫:১৪
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দিবস পালনের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ১ আগস্ট ঢাকা দিবস উপলক্ষে সংস্থাটি ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক সাত দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং নগর ব্র্যান্ডিংকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
গতকাল সোমবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই উদ্যোগের মূল প্রতিপাদ্য ‘হৃদয়ে ঢাকা।’ এটি কেবল একটি উৎসব নয়, বরং ঢাকার ঐতিহ্য পুনর্জাগরণ ও পরিচ্ছন্ন-সবুজ নগরী গড়ার একটি দীর্ঘমেয়াদি নাগরিক আন্দোলন।
কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ জুলাই ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ এবং হাতি, ঘোড়ার গাড়ি, পালকিসহ ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে বর্ণাঢ্য ‘ঢাকা শোভাযাত্রা’। এছাড়া রয়েছে ‘ঢাকা হেরিটেজ ম্যারাথন’, বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন, বৃক্ষরোপণ কর্মসূচি, লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, কাওয়ালী পরিবেশনা, নৌকাবাইচ প্রভৃতি।
- বিষয় :
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
- ডিএসসিসি