ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শর্ত পূরণ সাপেক্ষে এমপিওভুক্ত হবে ডিগ্রি কলেজ: শিক্ষামন্ত্রী

শর্ত পূরণ সাপেক্ষে এমপিওভুক্ত হবে ডিগ্রি কলেজ: শিক্ষামন্ত্রী
×

সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৮:২৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৮:২৯

এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে এমপিওবিহীন ডিগ্রি কলেজগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য গোলাম রছুল জানতে চান, দেশে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি কলেজের সংখ্যা কত, নন-এমপিও ডিগ্রি কলেজের সংখ্যা কত এবং এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি (পাস) কলেজ রয়েছে ১ হাজার ৫০টি এবং ডিগ্রি (সম্মান) কলেজ রয়েছে ৬৯৮টি।

তিনি আরও জানান, বর্তমানে ১ হাজার ৫৬টি কলেজ ডিগ্রি পর্যন্ত এমপিওভুক্ত রয়েছে। সরকার পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে এবং এমপিওভুক্তির জন্য নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে এমপিওবিহীন ডিগ্রি কলেজগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×