ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শীঘ্রই প্রাথমিকের প্রধান শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শীঘ্রই প্রাথমিকের প্রধান শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
×

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৯:১৯

খুব শীঘ্রই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হলে প্রধান শিক্ষকের শূণ্য পদ সমূহ পূরণ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

খায়রুল কবির খোকন জানতে চান, বর্তমানে ৩৪ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি আছে। এই পদগুলো কবে নাগাদ পূরণ করা হবে। এছাড়া শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী ৮০% পদ পদোন্নতির মাধ্যমে পূরণ হওয়ার কথা, বাস্তবে এই নীতিমালা মানা হয় কিনা?

জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধান শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৭৩/২০২৩ এর মামলাটি সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। খুব শীঘ্রই প্রধান শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি হলে প্রধান শিক্ষকের শূণ্য পদ সমূহ পূরণ হবে।

পূর্বে শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ি ৬৫% পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হত। নতুন বিধিমালা অনুযায়ি ৮০% পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। নতুন বিধিমালা তৈরি হওয়ার পর মামলা জনিত কারণে পদোন্নতি কার্যক্রম স্থগিত ছিল। মামলাটি নিষ্পত্তি হওয়ায় এখন নীতিমালা অনুযায়ি ৮০% পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

আরও পড়ুন

×