জেলা তথ্য কর্মকর্তাদের ডিজিটাল যোগাযোগে আরও সক্রিয় হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২১:২২
পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বাস্তবতায় জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগব্যবস্থার সঙ্গে আরও সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগ-সংক্রান্ত তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে মানুষের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য কর্মকর্তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে আরও সক্রিয় হতে হবে।
মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে আয়োজিত এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) মোকাবিলা করে তথ্যপ্রবাহকে নির্ভরযোগ্য রাখা তথ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। জনগণ যাতে দ্রুত ও সঠিক তথ্য পায়, তা নিশ্চিত করার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধেও কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, জেলা তথ্য কর্মকর্তাদের তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রেরণ এবং জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আধুনিক ডিজিটাল ব্যবস্থার ব্যবহার সময়ের দাবি। অতীতে মাঠপর্যায়ে প্রচারযান ও প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলেও বর্তমান বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের কার্যক্রম সময়মতো জনগণের সামনে তুলে ধরা না গেলে বিভ্রান্তির সুযোগ তৈরি হতে পারে। এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত তথ্য সংগ্রহ, সমন্বয় ও প্রচারে গণযোগাযোগ অধিদপ্তর এবং প্রধান তথ্য অফিসকে (পিআইডি) যৌথভাবে প্রতিদিন কাজ করার নির্দেশনা দেন তিনি।
সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দুর্যোগ-সংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ রাখতে একটি অনলাইন ড্যাশবোর্ড বা ডিজিটাল পোর্টাল চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দুর্যোগ-সংক্রান্ত তথ্য আরও নির্দিষ্ট, বিশ্লেষণভিত্তিক ও প্রমাণসমৃদ্ধ হওয়া প্রয়োজন। তিনি জেলা তথ্য কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি, স্থানভিত্তিক পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের আহ্বান জানান।
সভায় দেশের বিভিন্ন জেলা তথ্য কার্যালয় থেকে প্রাপ্ত বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণসংক্রান্ত সর্বশেষ তথ্য উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জেলার তথ্য কর্মকর্তারা অংশ নেন।
- বিষয় :
- তথ্যমন্ত্রী
- কর্মকর্তা
- ডিজিটাল