ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

সংসদে শিক্ষামন্ত্রী

এইচএসসিতে অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুযোগ

এইচএসসিতে অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুযোগ
×

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৬:১৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৬:১৮

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী নির্ধারিত দিনে কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ইতোমধ্যে স্থগিত হওয়া একই বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ সুযোগ হিসেবে অনুপস্থিত শিক্ষার্থীদের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংসদে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির ঘটনায় দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধবভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। একইসঙ্গে দুর্যোগকবলিত এলাকার পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×