জুলাই শহীদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৯:৪০
জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহতদের লাশ গুম করতে ঢাকার পাশের একটি নদীতে মরদেহ ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ১১৪ জন শহীদের একটি গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা এদিন যৌথভাবে ওই গণকবর পরিদর্শন করে। রায়েরবাজার ছাড়াও জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি গণকবর শিগগিরই তারা পরিদর্শন করবেন।
চিফ প্রসিকিউটর বলেন, হত্যার তথ্য প্রমাণ গোপনের উদ্দেশ্যে হাসপাতাল থেকে এসব লাশ নদীতে ফেলা হয়েছিল। আমরা ওই সময়কার হাসপাতালের কর্তৃপক্ষসহ যারা এই অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকেও শনাক্ত করে বিচারের আওতায় আনার চেষ্টা করছি।
তিনি বলেন, ওই সময় যারা জুলাই শহীদ, তাদের মৃতদেহগুলো তখন হাসপাতালগুলোর রেজিস্ট্রি খাতায় এন্ট্রি করা হতো না, কখনো কখনো পরিবারের সদস্যরা কোনো এন্ট্রি ছাড়াই দাফন করত। সেখানে সুরতহাল ও পোস্টমর্টেম করতে দেওয়া হত না। বেওয়ারিশ লাশ হিসেবে ডিসপোজাল করতো।
আমিনুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতরা রাষ্ট্রের যত বড় ব্যক্তিই হোক না কেন, তাদের প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে। জাতিসংঘের প্রতিবেদনে ১৪০০ জন শহীদের তথ্য পেয়েছি এবং প্রায় ২৫ হাজার পঙ্গুত্ব হয়েছেন। জুলাইয়ে শহীদ ৮৩৪ জনকে শনাক্ত করে তাদের নাম গেজেটভুক্ত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী প্রত্যেকটি শহীদ পরিবার এবং শহীদদের শনাক্ত করার জন্য জোরালোভাবে তদন্ত করা হচ্ছে। এর বাইরে ১৪০০ জনের মধ্যে আরও অনেকে (অশনাক্ত) আছেন। আমরা সন্দেহ করছি, এই গণকবরটিতে যে ১১৪ জন আছে, তারাও আছে তাদের মধ্যে।
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের যারাই জড়িত থাকুক এবং যারা এর মধ্যে মনে করে থাকেন যে, তারা পার পেয়ে গেছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা প্রসিকিউশন টিম, তদন্ত সংস্থা, এই প্রত্যেকটির বিচার নিশ্চিত করা হবে।
আমিনুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় নিহত প্রত্যেকটি গণকবর থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদদের লাশ শনাক্তের কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে কিছু কিছু প্রতিবেদন পাওয়া গেছে। আরও তদন্ত অব্যাহত আছে। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং সাক্ষ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করবেন।
- বিষয় :
- জুলাই শহীদ
- লাশ