ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

শাহবাগ অবরোধ করলেন শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

শাহবাগ অবরোধ করলেন শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৯:৪৪

শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং প্রশ্নে ভুল থাকার অভিযোগে তারা এই অবরোধ করেছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে শাহবাগ হয়ে চলাচল করা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। পুলিশি ব্যারিকেডের কারণে সচিবালয়ের দিকে আগাতে না পেরে তারা শিক্ষা ভবনের সামনেই অবস্থান নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে শাহবাগের উদ্দেশে রওনা হয়ে মোড়টি অবরোধ করেন।

শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আলোচনায় বসেননি। শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিও এসময় শিক্ষা মন্ত্রণালয়ে যাননি। পরে বিকেল সাড়ে ৫টায় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সড়কের অবস্থান ছাড়েন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা ৩টার দিকে সায়েন্সল্যাবে অবস্থানকারী শিক্ষার্থীরা সড়ক ছেড়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করেন। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা।

শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ বলেন, আমাদের দাবি এখন একটাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলা করছে, তাকে পদত্যাগ করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে। আন্দোলনের সময় তারা এসব দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

×