৬ মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন হয়রানির শিকার, আহত ২৩৪: এইচআরএসএস
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২৩:০২
চলতি বছরের প্রথম ছয় মাসে ২০০ হামলার ঘটনায় ৩৮৩ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ২৩৪ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৬০ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ৪৯ জন সাংবাদিক। একইসময়ে ১১ জন সাংবাদিককে আটক করা হয়েছে।
বুধবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) কর্তৃক প্রকাশিত দেশের মানবাধিকার পরিস্থিতির অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ছয় মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তকোন্দলে ৫৬ জন নিহত হয়েছেন। একই সময়ে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় আহত হয়েছেন ৫ হাজার ২৪৬ জনের বেশি নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এ ছাড়া মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন।
মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এ সময়ে ৪০টি সভা-সমাবেশ আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি বা পরোক্ষভাবে বাধা দিয়েছে। এসব ঘটনায় ৩১১ জন আহত ও ৩৮ জন আটক হন। তাদের মধ্যে রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ পথচারী আছেন। এছাড়া, এ সময়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন ধারায় পৃথক ৩০ মামলায় ৮১ জনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৪ জনকে।
এইচআরএসএস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় গত ছয় মাসে ৪ জনকে আটক করা হয়েছে। অন্যান্য রাজনৈতিক ব্যক্তির সমালোচনায় ১ জনকে পিটিয়ে হত্যা, ২ জন আহত, ১৮ জনকে আটক ও ১৭টি মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন অবমাননার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় ১৭টি মামলা হয়েছে ও ১ জনকে মারধর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সাইবার নিরাপত্তা অধ্যাদেশের অধীনে ৩৩ সাংবাদিককে আসামি করে পৃথক ১৫টি মামলা হয়েছে। ২০২৫ সালের একইসময়ে সাইবার নিরাপত্তা আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে ৫টি মামলা হয়। ওই বছর মোট ১৬ মামলায় ২৩ জনকে অভিযুক্ত ও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে, নির্যাতনে, বন্দুকযুদ্ধে মৃত্যুর বিষয়ে এইচআরএসএসের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলি ও কথিত ‘বন্দুকযুদ্ধে’ মোট ১১ জন নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ছয় মাসে হেফাজতে ও নির্যাতনের শিকার হয়ে ৫ জন, গুলিবিদ্ধ হয়ে ২ জন ও বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন।এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
কারা হেফাজতে মৃত্যুর বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে সারাদেশে কারাগারগুলোতে অন্তত ৫৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৬ জন কয়েদি ও ৩২ জন হাজতি। মৃতদের মধ্যে ১৫ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের, ১ জন বিএনপির এবং ৪২ জন সাধারণ কয়েদি।
- বিষয় :
- সাংবাদিক নির্যাতন
- হয়রানি
- সাংবাদিক