ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

‘দাসত্বমূলক’ মার্কিন চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

গণজমায়েতে চুক্তিকে লাল কার্ড প্রদর্শন

‘দাসত্বমূলক’ মার্কিন চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
×

গণজমায়েতে বক্তব্য রাখেন আনু মুহাম্মদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ২৩:১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিকে দাসত্বমূলক আখ্যা দিয়ে তা বাতিল করার দাবি জানিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও এ চুক্তির বিষয়ে সংসদে যেন নীরবতার ঐক্য তৈরি হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি ও মার্কিন বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত গণজমায়েতে এসব কথা বলেন আনু মুহাম্মদ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে, তার বিষয়ে জনগণকে কিছু জানানো হয়নি বলে উল্লেখ করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, মার্কিন সরকারের প্রকাশ করা ৩২ পৃষ্ঠার দলিলটি পর্যালোচনা করলে দেখা যায়, এটি প্রকৃত অর্থে কোনো চুক্তি নয়; বরং বাংলাদেশকে কী করতে হবে, তার একটি মার্কিন হুকুমনামা। এর ফলে প্রয়োজন বা মূল্য বিবেচনা না করেই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য বিনা শুল্কে আমদানি করতে বাধ্য হবে বাংলাদেশ। এতে সরকারের রাজস্ব আয় কমবে এবং সাধারণ মানুষের ওপর কর ও ভর্তুকির চাপ বাড়বে।

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নীরবতার সমালোচনা করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ক্ষমতার স্বার্থে জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে দলগুলো এ বিষয়ে নীরব রয়েছে। ভারতের আধিপত্য মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন এমন ধারণাও তিনি প্রত্যাখ্যান করেন। তাঁর মতে, বহুজাতিক করপোরেট স্বার্থে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

গণজমায়েতে প্রতীকী প্রতিবাদ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে লাল কার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবি জানান তারা।

সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় উদীচী, সমগীত ও কোরাস। নাটক মঞ্চস্থ করে প্রাচ্যনাট ও বিবর্তন। কবিতা আবৃত্তি করেন তাহসিন রেজা, অনন্যা মাহমুদ ও মাসুদ মনিরুল।

আরও পড়ুন

×