ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিএসইসির ওপর কোনো রাজনৈতিক চাপ নেই: মাসুদ খান

বিএসইসির ওপর কোনো রাজনৈতিক চাপ নেই: মাসুদ খান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৭:২২

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, বর্তমানে কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিএসইসিকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দিয়েছেন। ফলে বর্তমান কমিশন রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করছে এবং এতে ধীরে ধীরে শেয়ারবাজারে আস্থার পরিবেশ তৈরি হচ্ছে।

শনিবার রাজধানীর এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ছায়া সংসদ’ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই পুঁজিবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে’ শীর্ষক এ বিতর্ক অনুষ্ঠানের তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাসুদ খান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থায় সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। বাজারের পরিধি বাড়াতে খ্যাতনামা বহুজাতিক কোম্পানি ও বড় দেশীয় প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণ এবং কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের সম্পদের তুলনায় দায় বেশি। সাধারণ আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

পুঁজিবাজারে রোডশো আয়োজনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, বাজারকে আকর্ষণীয় করতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোডশোর নামে অর্থ অপচয়ের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, ব্রোকারেজ হাউসগুলোর অনিয়ম নিয়ন্ত্রণে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়মিত অডিটের ব্যবস্থা জোরদার করা হলে বাজারে আরও স্বচ্ছতা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কারসাজি, আস্থার সংকট ও সুশাসনের ঘাটতির কারণে দেশের পুঁজিবাজার প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি। তবে এবার রাজনৈতিক বিবেচনার বাইরে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিতর্ক প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইম ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

আরও পড়ুন

×