বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল
ফাইল ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০ | ১০:২১
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। গত রোববার সন্ধ্যায় কমিটির সব সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নুরউদ্দিন আহমেদের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান আবদুল কুদ্দুস মিয়া বলেন, সাত সদস্য মিলে সফলভাবে তদন্ত কাজ সম্পন্ন করেছি। এ প্রতিবেদনের আলোকে প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে বলে আশা করছি। চুরি যাওয়া ৪৯ কম্পিউটারের মধ্যে ৩৪টি এরই মধ্যে উদ্ধার হয়েছে। বাকিগুলোও উদ্ধার হবে। তিনি গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা করছি।
গত ২৬ জুলাই বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
