ইন্টারনেট গভর্ন্যান্স ও এআই গবেষণায় এআইইউবি-বিআইজিএফের সমঝোতা স্মারক সই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২২:৫১
ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য উদীয়মান ডিজিটাল প্রযুক্তি নিয়ে গবেষণা, নীতিগত সংলাপ, প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)।
বৃহস্পতিবার এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এআইইউবির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এবং বিআইজিএফের পক্ষে মোহাম্মদ আবদুল হক সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা অনুযায়ী, গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি, জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারনেট ও এআই গভর্ন্যান্স-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, এ সমঝোতার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল নীতি বিষয়ে আন্তর্জাতিক পরিসরে সম্পৃক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি হবে।
বিআইজিএফের প্রতিনিধিরা বলেন, অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও টেকসই ডিজিটাল শাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, সরকার, বেসরকারি খাত, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূঁইয়া, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, সহযোগী ডিন ড. ফারিয়া সুলতানা, বিভাগের শিক্ষক এবং বিআইজিএফের প্রতিনিধিরা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সমঝোতা স্মারক সই
- এআইইউবি
- এআই
- গবেষণা