ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এডিবির নামে ভুয়া ঋণের প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

এডিবির নামে ভুয়া ঋণের প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান
×

এশীয় উন্নয়ন ব্যাংক। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৪:১৪

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, তারা কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা দেয় না। একইভাবে, আর্থিক সহায়তার বিনিময়ে কোনো ব্যক্তির কাছে ব্যক্তিগত আর্থিক তথ্যও চাওয়া হয় না এবং মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করা হয় না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতারক চক্র এডিবি ও এর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

এডিবি জনসাধারণকে এ ধরনের ভুয়া ঋণের প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি এডিবির ঋণ বা আর্থিক সহায়তার নামে কেউ যোগাযোগ করলে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে এডিবি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। তাই এডিবির প্রতিনিধি পরিচয়ে ব্যক্তি পর্যায়ে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হলে সেটি প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির বর্তমানে ৬৯টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। সংস্থাটি এ অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহিষ্ণু উন্নয়ন এগিয়ে নিতে কাজ করছে।
 

আরও পড়ুন

×