ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এভিয়েশন খাতে দায়িত্বশীল সংবাদে সঠিক তথ্যের বিকল্প নেই: বেবিচক চেয়ারম্যান

এভিয়েশন খাতে দায়িত্বশীল সংবাদে সঠিক তথ্যের বিকল্প নেই: বেবিচক চেয়ারম্যান
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৯:৫২

দেশের এভিয়েশন খাত সম্পর্কে সাংবাদিকদের কারিগরি জ্ঞান ও বোঝাপড়া সমৃদ্ধ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে।

সোমবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। বেবিচকের জনসংযোগ বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত ও কারিগরিনির্ভর খাত। তাই এভিয়েশন বিষয়ে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে বিষয়ভিত্তিক জ্ঞান এবং সঠিক তথ্যের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, কর্মশালার উদ্দেশ্য হলো সাংবাদিকদের বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, নিরাপত্তা ও বেবিচকের কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া, যাতে তারা আরও তথ্যসমৃদ্ধ ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরি করতে পারেন। ভবিষ্যতেও এভিয়েশনের বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলে জানান তিনি।

কর্মশালায় বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান বিমানবন্দরের কার্যক্রম, যাত্রীসেবা, বিমান চলাচল নিরাপত্তা, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড, এয়ারসাইড-ল্যান্ডসাইড কার্যক্রম এবং আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সদস্য (প্রশাসন) মোহাম্মদ লবলুর রহমান হজযাত্রীদের সেবার মানোন্নয়নে বেবিচকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও বিমানবন্দর উন্নয়ন ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, বিশেষ প্রার্থনাস্থল, সুপেয় পানি, স্যানিটেশন, ট্রলি, হুইলচেয়ার, সারি ব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

বিমান চলাচল কার্যক্রমবিষয়ক অধিবেশনে সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), বিমান চলাচল প্রবাহ ব্যবস্থাপনা, নেভিগেশন সহায়তা, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস), অ্যারোনটিক্যাল লাইটিং, অবস্ট্যাকল লিমিটেশন সারফেস, এয়ারফিল্ড অপারেশনস এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রাফিক অপারেশন, যাত্রীসেবা, আন্তর্জাতিক মানদণ্ডসহ এভিয়েশন খাতের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। বেবিচক চেয়ারম্যান ও সংস্থার সদস্যরা এসব প্রশ্নের উত্তর দেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×