ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ বরখাস্ত

মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ বরখাস্ত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২০:২০

মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রশাসনিক কর্মকর্তাকে কর্মস্থল থেকে পলায়নের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন কর্মস্থলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা এবং দায়ের করা বিভাগীয় মামলায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি থেকে তাকে অপসারণের আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ অধিশাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিভাগীয় কার্যক্রমের অংশ হিসেবে অভিযোগনামার জবাব গ্রহণ, তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। এরপর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও সেই জবাবও গ্রহণযোগ্য হয়নি। এ অবস্থায় বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শের জন্য পাঠানো হলে কমিশনও তাকে চাকরি থেকে বরখাস্তের শাস্তি দেওয়ার পক্ষে মত দেয়।

সবশেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মোহাম্মদ আব্দুল্লাহকে ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কার্যকরভাবে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির অনুমোদনের বিষয়টি উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

×