যাত্রাবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৩:০২
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার খানবাড়ির মোড়ে সোমবার সন্ধ্যায় মারধরের শিকার হয়ে রিফাত মৃধা (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি রায়েরবাগ এলাকায় একটি কার্টন তৈরির কারখানায় কাজ করতেন।
রিফাত মা–বাবার সঙ্গে রায়েরবাগ এলাকার খানবাড়ির মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। নিহত রিফাতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামে।
নিহত রিফাতের বাবা হাসেম মৃধা বলেন, সন্ধ্যায় রিফাত তাদের বাসার সামনে রাস্তায় বসে ছিল। এ সময় প্রতিবেশী যুবক শাকিল তার উদ্দেশে বলে, এখানে বসে কী করছিস, গাঁজা খাবি নাকি? জবাবে রিফাত বলে, আমি গাঁজা খাই না। এ কথা বলার পর শাকিল তাকে গালিগালাজ ও মারধর করে।
প্রথম দফায় বিষয়টি মিটে গেলেও কিছুক্ষণ পর শাকিল আবারও এসে রিফাতকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে রিফাত অচেতন হয়ে পড়েন। এ সময় হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
হাসেম মৃধা আরও বলেন, তিনি ও তাঁর আরেক ছেলে রিয়াজ দ্রুত রিফাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় রাত নয়টার দিকে রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
নিহত রিফাতের স্বজনেরা জানান, ঘটনার পর অভিযুক্ত শাকিল ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় তালা দিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রিফাতের মৃত্যুর বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সমকালকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- পিটিয়ে হত্যা
- যাত্রাবাড়ী