হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণে উদীচীর নিন্দা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২১:৩১
ঝিনাইদহ শহরের প্রবেশমুখে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান স্মরণে নির্মিত ভাস্কর্য ও চত্বর ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেবল ঝিনাইদহের নন, সমগ্র জাতির গর্ব এবং মহান মুক্তিযুদ্ধের এক অনন্য বীর। তাঁর স্মৃতিবিজড়িত ভাস্কর্য ও চত্বর যথাযথ প্রক্রিয়া অনুসরণ, জনমত গ্রহণ এবং সংশ্লিষ্ট অংশীজন ও শহীদ পরিবারের সঙ্গে আলোচনা ছাড়াই অপসারণের উদ্যোগ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তাদের ভাষ্য, এ ধরনের পদক্ষেপ মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও জাতীয় মর্যাদার প্রতি অবমাননার শামিল।
বিবৃতিতে উদীচী নেতারা বলেন, একটি জেলার প্রবেশমুখে স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য কেবল একটি স্থাপনা নয়, এটি মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা তুলে ধরতে এ ধরনের স্মারকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভাস্কর্যটি অন্যত্র স্থানান্তরের পরিবর্তে যথাযথ নকশা, নিরাপত্তা ও নান্দনিকতা নিশ্চিত করে আগের স্থানেই পুনর্নির্মাণ ও পুনঃস্থাপনের দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের পর একাধিকবার হামলার শিকার হওয়া এই ভাস্কর্যটি ভেঙে ফেলার পরিবর্তে রাষ্ট্রের দায়িত্ব ছিল এটি সংরক্ষণ, সংস্কার এবং যথাযথ মর্যাদায় রক্ষা করা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইতিহাসবিদ এবং স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ও চত্বরকে একই স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ও নান্দনিকতা নিশ্চিত করে দ্রুত পুনঃস্থাপন এবং এ বিষয়ে বিদ্যমান অনিশ্চয়তার অবসান ঘটানোর দাবি জানান তারা।
- বিষয় :
- বীরশ্রেষ্ঠ
- ভাস্কর্য
- উদীচী
- নিন্দা