বেনজীরকে ফেরত পাঠাতে ৪ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ
বেনজীর আহমেদ। ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০০:০৬
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাতে নীতিগত সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। তবে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে চারটি বিষয়ে ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য চেয়েছে তারা।
এ বিষয়ে দুবাই পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুদক প্রয়োজনীয় তথ্য ও নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো যাচাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাই পুলিশের কাছে পাঠাবে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুদকের মামলার আসামি হওয়ায় বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে প্রয়োজনীয় নথিসহ আবেদন পাঠানো হয়েছিল। এর জবাবে দুবাই পুলিশ চারটি বিষয়ে তথ্য চেয়েছে। তদন্ত কর্মকর্তা তাদের চাওয়া তথ্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত পাঠাবেন।
গত ১৪ জুন দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে। এর দুই দিন পর, ১৬ জুন দুদক তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিসহ প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়। দেশটির সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় বিশেষ প্রক্রিয়ায় এই উদ্যোগ নেওয়া হয়।
দুদক সূত্রে জানা গেছে, ৮৩ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে তিনটিতে তিনি প্রধান আসামি এবং বাকি তিনটিতে সহযোগী আসামি। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা একটি মামলায় দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। বর্তমানে সেই মামলার বিচার চলছে। দুদকের আবেদনের ভিত্তিতেই ওই মামলায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে।
- বিষয় :
- বেনজীর আহমেদ
- পুলিশ