বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তপশিল অনুমোদন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২০:৪১
বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তপশিল-২০২৬’ অনুমোদন করেছে অর্থ বিভাগ। আন্তঃমন্ত্রণালয় কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে এ দর তপশিল নির্ধারণ করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ‘অভিন্ন দর তপশিল’ হলো বিদ্যুৎ বিভাগের বিভিন্ন নির্মাণ, স্থাপন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সরকার নির্ধারিত একক মূল্যতালিকা, যা প্রকল্পের ব্যয় প্রাক্কলন, দরপত্র ও বিল পরিশোধে মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন করে নির্ধারিত এ দর তপশিল বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থার পাশাপাশি অন্যান্য সরকারি দপ্তরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তরকে তাদের ওয়েবসাইটে দর তপশিলটি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, পূর্বে বিভিন্ন দপ্তরের জন্য অনুমোদিত দর তপশিলে বর্ণিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। নতুন দর কার্যকরের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর, শুল্ক ও অন্যান্য প্রযোজ্য কর ও ডিউটি বহাল থাকবে।
এছাড়াও দর তপশিল অনুযায়ী, কাজ বাস্তবায়নের সময় পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ এবং অন্যান্য প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্নির্ধারিত এ দর তপশিল অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে, বিশেষ কোনো কাজের ক্ষেত্রে বর্তমান দর তপশিলের বাইরে কোনো আইটেমের প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার প্রধান কিংবা বোর্ডের অনুমোদন সাপেক্ষে প্রচলিত বাজারদরের ভিত্তিতে ওই আইটেমের বিশ্লেষণী দর অনুমোদন করা যাবে।
বিদ্যুৎ বিভাগের ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এর অনুমোদন দিয়েছে।
- বিষয় :
- অর্থ মন্ত্রণালয়