সামিট গ্রুপের লেনদেনের নথি চাইল দুদক, বিপিসি-বিপিডিবিকে চিঠি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০১:৩১
সামিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে প্রয়োজনীয় রেকর্ডপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত পৃথক চিঠি বিপিসি ও বিপিডিবির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানিয়েছে, সামিট গ্রুপভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনীয় নথি ও তথ্য চেয়ে দুই প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বিপিসির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও সামিট পাওয়ারের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী জ্বালানি আমদানি ও সরবরাহের বিষয়ে বিপিসির দায়িত্ব এবং প্রয়োজনে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানির অনুমোদন-সংক্রান্ত তথ্য দিতে হবে। এ ছাড়া চালানভিত্তিক ছাড়পত্র বা ক্ষমতাপত্র, ফুয়েল কার্গোর ক্যালকুলেশন শিট, মূল সামারি শিট, সরকারি নির্দেশনা অনুযায়ী টার্মিনাল চার্জ এবং আমদানির বিপরীতে বিপিসি নির্ধারিত বা অনুমোদিত চার্জের তালিকা ও নির্দেশিকার সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।
অন্যদিকে বিপিডিবির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে প্রতিটি ফুয়েল কার্গোর ক্যালকুলেশন শিট, মূল সামারি শিট, বিল অব লেডিং, লন্ডন ট্যাংকার ব্রোকার্স প্যানেল সার্টিফিকেট, ব্যাংক অ্যাডভাইস এবং পোর্ট ডিউস-সংক্রান্ত সত্যায়িত নথি চাওয়া হয়েছে।
দুদক আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এসব নথি কমিশনের প্রধান কার্যালয়ে পাঠাতে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে অনুরোধ করেছে।