ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি: রয়টার্স

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি: রয়টার্স
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৩:৩৪

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানানোর কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্তের খবর এলো।

বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে রাষ্ট্রপতির মুখপাত্রের বরাতে বলা হয়, সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিলেই তা কার্যকর হবে। বর্তমানে স্পিকার থাইল্যান্ড সফরে রয়েছেন। তিনি দেশে ফিরলে রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

তবে রাষ্ট্রপতির মুখপাত্র পদত্যাগের কারণ উল্লেখ করেননি। রয়টার্সের সঙ্গে কথা বলা বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সরকার রাষ্ট্রপতিকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিয়েছে। গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র-জনতার আন্দোলন দমনে হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা বর্তমানে ভারতের নির্বাসনে রয়েছেন। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর তার ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি আরও জোরালো হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দলটির অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন অথবা আত্মগোপনে রয়েছেন।

৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। যদিও রাষ্ট্রপতির পদটি সাংবিধানিকভাবে মূলত আনুষ্ঠানিক, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার ভূমিকা বিশেষ গুরুত্ব পায়।

রয়টার্স আরও জানিয়েছে, মোহাম্মদ সাহাবুদ্দিন গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

×