আপিল বিভাগে মামলা ৩৯ হাজার, বিচারপতি ৪ জন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৮:৫০ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ০৮:৫৪
| প্রিন্ট সংস্করণ
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারপতি কমছে। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি না থাকায় আপিল বিভাগে একটি বেঞ্চ দিয়ে মামলা নিষ্পত্তি করা হচ্ছে। বিচারাধীন মামলার সংখ্যা বাড়লেও সে তুলনায় বিচারপতি নেই। এ কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা এবং রিভিউ আবেদন দীর্ঘদিন নিষ্পত্তিতে আটকে আছে।
আইনজীবীরা মনে করেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত আপিল বিভাগে বিচারপতি নিয়োগ প্রয়োজন। তা না হলে মামলাজট বাড়তে থাকবে। এদিকে, আপিল বিভাগে বিচারকের সংখ্যা বাড়াতে এবং বিচার নিষ্পত্তিতে বিশেষায়িত বেঞ্চ গঠনের দাবি জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত বুধবার আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে এই চিঠি পাঠান তিনি।
গত ৩১ মার্চ পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলা ছিল ৩৮ হাজার ৭১৩টি। এর মধ্যে ফৌজদারি মামলা ১৭ হাজার ৬১টি এবং দেওয়ানি মামলা ২১ হাজার ৬৫২টি। গত সাড়ে তিন মাসে মামলার সংখ্যা আরও বেড়েছে।
গত বছর আপিল বিভাগে দুজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়। তবে এরই মধ্যে আরও দুজন বিচারপতি অবসরে যান। বর্তমানে চারজন বিচারপতি কর্মরত আছেন। একটি সূত্রে জানা গেছে, আপিল বিভাগে খুব শিগগির আরও চার বিচারপতি নিয়োগ দেওয়া হতে পারেন।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগে অন্য তিন সদস্য হলেন– বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় সর্বশেষ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ১৫ জুলাই অবসরে যান। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি অবসরে যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সর্বশেষ ২০২৫ সালের ২৪ মার্চ হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছিল। সংবিধানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা নির্ধারণ করা নেই।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৬ আগস্ট ২৫ জনকে এবং ২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বর্তমান বিএনপি সরকারের আমলে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি।
আইনজীবীরা বলছেন, আপিল বিভাগে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে থাকে। সর্বোচ্চ আদালতে বিচারক সংকট সমীচীন নয়। দ্রুত বিচারপতি নিয়োগ দেওয়া উচিত। তারা বলেন, ২০০৯ সালে আপিল বিভাগে ১১ জন বিচারক ছিলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপিল বিভাগে একটা বেঞ্চ থাকার কারণে মামলা দ্রুত শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, মামলাজট কমাতে অবিলম্বে আপিল বিভাগে ১১ বিচারপতির পদ পূরণ করে তিনটি বেঞ্চ পুনর্গঠন করা হোক। তাঁর মতে, আপিল বিভাগে বর্তমান চারজন বিচারপতি রয়েছেন। হাইকোর্ট বিভাগ থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে চারজন এবং সুপ্রিম কোর্ট বার থেকে দক্ষ, অভিজ্ঞ তিনজনসহ মোট সাতজনকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন।
- বিষয় :
- বিচার ব্যবস্থা
- আইন
- আদালত
- বিচারপতি