আজকালের মধ্যে বঙ্গভবন ছাড়বেন বিদায়ী রাষ্ট্রপতি, দরবার অনুষ্ঠান বাতিল
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৭:০৯
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শনিবার বা আগামীকাল রোববার সপরিবারে বঙ্গভবন ছাড়ছেন। তিনি রাষ্ট্রপতির সরকারি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে উঠবেন।
এদিকে সদ্য সাবেক রাষ্ট্রপতির আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দরবারে অংশগ্রহণ করার কথা থাকলেও এই কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। তবে ঘরোয়াভাবে বিদায় অনুষ্ঠান হতে পারে। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল শুক্রবার বিকেলে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।
পারিবারিক সূত্র নিশ্চিত করে বলেছে, বিদায়ী রাষ্ট্রপতির বঙ্গভবন ছাড়ার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে গুলশানের ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামে ওই বাসার সামনে গিয়ে দেখা যায়, পাঁচতলা ভবনটির গেটের সামনে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য কথা বলছেন। বাসার সামনে দুটি গাড়ি রাখা। তবে কয়েক মিনিটের মধ্যেই তারা সেখান থেকে চলে যান। বাইরে অন্য কোনো ব্যস্ততা চোখে পড়েনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। ১২৩ নম্বর সড়কে যান চলাচলও স্বাভাবিক। সেখানে এক পুলিশ সদস্য ও বাসার নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বাসাটির প্রতিটি ফ্লোরে চারটি ফ্ল্যাট। পাঁচ তলার দুটি ফ্ল্যাটের মালিক সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। বহু বছর ধরেই তিনি এই বাসায় থাকতেন।
বাসার নিরাপত্তাকর্মী গোলাম মোস্তফা সমকালকে বলেন, বাসাটিতে বহু বছর ধরেই তারা থাকেন। গত কয়েক দিন আগেও তিনি এসেছিলেন।
জানা গেছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ শুক্রবার বিকেলের দিকে নতুন করে বাড়িটিতে টেলিফোনের সংযোগ দিয়েছে।
পেনশনসহ যেসব সুবিধা পাবেন
পদত্যাগের পরও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজীবন পেনশন, মন্ত্রীর সমান চিকিৎসা সুবিধা, নিরাপত্তা, সরকারের দেওয়া অফিস-স্টাফ, কূটনৈতিক পাসপোর্টসহ নানা সুবিধা পাবেন। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। এর ৭৫ শতাংশ হিসাবে মাসে ৯০ হাজার টাকা পেনশন পাবেন মো. সাহাবুদ্দিন। ভবিষ্যতে রাষ্ট্রপতির বেতন বৃদ্ধি পেলে পেনশনের পরিমাণও বৃদ্ধি পাবে।
২০১৬ সালের রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইনে সাবেক রাষ্ট্রপতিরা কী সুবিধা পাবেন তা বলা আছে। তবে এই সুবিধা পেতে অন্তত ছয় মাস রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করতে হবে। ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা মোঃ সাহাবুদ্দিন তিন বছর তিন মাস বঙ্গভবনে ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে মোঃ সাহাবুদ্দিন কর্মজীবনে জেলা জজ ছিলেন। আইন অনুযায়ী, তিনি যে কোনো একটি পেনশন পাবেন। মৃত্যুর পর তাঁর স্ত্রী দুই-তৃতীয়াংশ পেনশন সুবিধা আমৃত্যু পাবেন।
আইনের ৫ ধারা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনড্যান্ট এবং অফিস পরিচালনার খরচ পাবেন সরকারের কাছ থেকে। ব্যয় কত হবে, তা নির্ধারণ করবে সরকার।
একজন মন্ত্রীর সমান চিকিৎসা-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি। একজন মন্ত্রী দেশে ও বিদেশে শতভাগ সরকারি খরচে চিকিৎসা সুবিধা পান। রাষ্ট্রপতির স্ত্রীও এই সুবিধা পাবেন।
সাবেক রাষ্ট্রপতি সরকারি অনুষ্ঠানে যোগ দিলে বিনা খরচে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন। বাসায় ব্যবহারের জন্য টেলিফোন পাবেন। নির্ধারিত সীমা পর্যন্ত বিল সরকার পরিশোধ করবে।
সাবেক রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট পাবেন। তাঁরা দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকতে পারবেন।
তবে সাবেক রাষ্ট্রপতি এইসব সুবিধা পাবেন যদি ভবিষ্যতে কোনো সরকারি পদে অধিষ্ঠিত না হন। নৈতিক স্খলনের কারণে দণ্ডিত হলেও অবসর সুবিধা বাতিল হবে।
চাইলে মাসিক পেনশনের বদলে এককালীন অর্থও নিতে পারবেন বিদায়ী রাষ্ট্রপতি। তবে এ জন্য অবসরে যাওয়ার এক মাসের মধ্যে তাঁকে আনুষ্ঠানিকভাবে ইচ্ছা পোষণ করতে হবে।