ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী
আসিয়ানকে আরও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ
ড. খলিলুর রহমান
বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৮:৪৮
| প্রিন্ট সংস্করণ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন-টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মহামারি, জলবায়ুজনিত অভিঘাত, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন মোকাবিলায় বৈশ্বিক সক্ষমতা জোরদারে বাস্তবভিত্তিক ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের আমিরের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। উপসাগরীয় দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে এ আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে গতকাল কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ড. খলিলুর রহমান কাতারের আমিরকে লেখা প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
পাঁচ দশক আগে স্বাক্ষরিত টিএসিতে এ অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সম্পর্ক পরিচালনার নীতিমালা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি। বাংলাদেশ ২০০৭ সালে টিএসিতে যোগ দেয়।
টিএসির ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানের ফাঁকে ড. খলিলুর রহমান চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে ম্যানিলা সফর করছেন।
- বিষয় :
- ড. খলিলুর রহমান