ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের ডেইলি স্টার-প্রাইম ব্যাংকের সংবর্ধনা

‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের ডেইলি স্টার-প্রাইম ব্যাংকের সংবর্ধনা
×

বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শনিবার ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দ্য ডেইলি স্টার ও প্রাইম ব্যাংক।

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ০৮:০৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ০৮:০৫

| প্রিন্ট সংস্করণ

ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দ্য ডেইলি স্টার এবং প্রাইম ব্যাংক। এ বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের দুই হাজার ৫৪৫ শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে এক হাজার ৯২৮ জন ও লেভেল এবং ৬১৭ জন এ লেভেলের শিক্ষার্থী। 

‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো’ (আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন) প্রতিপাদ্যে গতকাল শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টার মধ্যে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, পরিবার, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নির্ধারিত মিলনায়তন পূর্ণ হয়ে যায়। সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আট ঘণ্টাব্যাপী দীর্ঘ অনুষ্ঠানটি শুরু হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্রিটিশ কলম্বিয়া স্কুলের জিকরা হাফেজ নূর, গীতা থেকে পাঠ করেন উত্তরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রথমা দাস, বাইবেল থেকে অ্যাকাডেমিয়ার চার্লস ডেভিড বিশ্বাস এবং ত্রিপিটক থেকে পাঠ করেন এ. জি. চার্চ স্কুলের সব্যসাচী বড়ুয়া। 

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন ও বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন এবং এ লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ২৮ জন ও দেশে প্রথম হওয়া ৯ শিক্ষার্থী রয়েছেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দ্য ডেইলি স্টারের দেওয়া এই সংবর্ধনার প্রশংসা করে তিনি বলেন, তোমাদের এই অর্জনের কাছে আমার মনে হয় এই মঞ্চটা অনেক ছোট। তোমাদের সাফল্যের আসল ক্ষেত্র হলো পুরো পৃথিবী, যেখানে তোমরা অত্যন্ত গর্বের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করবে। 
দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, তোমরা বিশ্বের যে কোনো প্রান্তের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো, অর্জন করতে পারো বড় সব অভিজ্ঞতা। তবে দিনশেষে নিজ দেশের সেবা করো। কারণ তোমাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশের অর্জনের যে বিশাল সম্ভাবনা রয়েছে, তা কখনোই বাস্তবায়ন সম্ভব নয়। 

স্কলাস্টিকার শিক্ষার্থী সামিয়া বিনতে সালাউদ্দিনের  বাবা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মেয়ে যে পরিশ্রম করেছে, এই স্বীকৃতি নিঃসন্দেহে তাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ সুগম করবে। 

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিয়তা ঘোষ পিউ, চেঞ্জেস স্কুলের সাফিয়া চৌধুরী ও সাহিল সাদমান। অনুষ্ঠানে নেতা গড়ে তোলার ভূমিকাকে সম্মান জানিয়ে ৪৯ জন অধ্যক্ষকে সংবর্ধিত করা হয়।

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন প্রাইম ব্যাংক পিএলসির সিইও ফয়সাল রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং কনসালটিং এডিটর কামাল আহমেদ। 

আরও পড়ুন

×