চার মোবাইল অপারেটরকে সাড়ে ৮ কোটি টাকা জরিমানা
অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম শনাক্ত
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১৭:৫০
অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন (ভিওআইপি) কার্যক্রমে ব্যবহৃত ৮ হাজার ৬৮২টি সিম শনাক্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ঘটনায় দেশের চার মোবাইল অপারেটর রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ২১ জুলাই চার অপারেটরকে পৃথক নোটিশ পাঠায় বিটিআরসি। কমিশনের উপপরিচালক শারমিন সুলতানা স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত প্রতিটি সিমের বিপরীতে অপারেটরদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
চার অপারেটরের মধ্যে সবচেয়ে বেশি জরিমানা গুনতে হচ্ছে রবি আজিয়াটাকে। প্রতিষ্ঠানটির ৫ হাজার ৯৩৫টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিমের জন্য জরিমানা করা হয়েছে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা। রাষ্ট্রায়ত্ত টেলিটকের ৬৮১টি সিম শনাক্ত হওয়ায় জরিমানা করা হয়েছে ৬৮ লাখ ১০ হাজার টাকা। আর গ্রামীণফোনের ১৮৪টি সিমের জন্য জরিমানা করা হয়েছে ১৮ লাখ ৪০ হাজার টাকা।
নোটিশে বিটিআরসি বলেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, মোবাইল অপারেটর লাইসেন্সের শর্ত এবং কমিশনের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে অপারেটরগুলো ব্যর্থ হয়েছে। এ কারণে তাদের গ্রাহকদের সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হয়েছে।
জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত কয়েক হাজার সিম শনাক্ত করা হয়েছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
বিটিআরসির নোটিশে অপারেটরগুলোকে ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ জমা দিয়ে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। তবে বিটিআরসির এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে রবি আজিয়াটা।
প্রতিষ্ঠানটির চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম বলেছেন, বিটিআরসি থেকে তারা এখনও কোনো আনুষ্ঠানিক নোটিশ পাননি। সংবাদমাধ্যমে প্রকাশিত সিমের সংখ্যাও প্রকৃত তথ্যের প্রতিফলন নয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে বিটিআরসির নিজস্ব বিধিমালার পরিপন্থি।
রবির চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার বলেন, প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, সংবাদমাধ্যমে উল্লিখিত সিমের ৯৫ শতাংশের বেশি অনেক আগেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিল। অবৈধ ভিওআইপি প্রতিরোধে রবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থার সব নির্দেশনা মেনেই কার্যক্রম পরিচালনা করছে।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, গ্রামীণফোন দেশের আইন ও বিটিআরসির সব নির্দেশনা মেনে ব্যবসা করে। বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহক নিবন্ধন নিশ্চিত করা হয়। ভিওআইপি প্রতিরোধে বিটিআরসি নির্ধারিত স্বনিয়ন্ত্রণ ব্যবস্থাও কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। তবে কোনো নিবন্ধিত গ্রাহক নিজ সংযোগ অবৈধ কাজে ব্যবহার করলে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিটিআরসির সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে।
- বিষয় :
- মোবাইল অপারেটর
- জরিমানা