ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়, হাইকোর্টে রুল

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়, হাইকোর্টে রুল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ২২:০৩

গ্রাহকদের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল জারি করেন।

রুলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সার্ভিস চার্জ, ভোক্তা সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। যাতে বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী এমএফএস সার্ভিস চার্জ নিশ্চিত করা যায়।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে এই আইনজীবী নিজেই রিটটি দায়ের করেন। 

২০২২ সালের বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালার মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিচালিত হয়ে আসছে বলে জানান আইনজীবী মো. ওবাইদুল্লাহ আল মামুন। তিনি সাংবাদিকদের বলেন, ব্যাংকের ক্ষেত্রে লেনদেনের বিপরীতে নির্দিষ্ট হারে (অঙ্কে) চার্জ নেওয়া হয়। অন্যদিকে বিকাশ, রকেট ও নগদ শতকরা হিসাবে এই চার্জ নিচ্ছে। ব্যাংকিং অ্যাপের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লাখ টাকা লেনদেনে সাধারণত ১০ টাকা খরচ হয়। তবে বিকাশ, নগদ ও রকেট অ্যাপ থেকে অন্য ব্যাংকে লেনদেনে প্রতি হাজারে ১০ টাকা করে অর্থাৎ এক লাখ টাকায় এক হাজার টাকা সার্ভিস চার্জ দিতে হয়।

রিট আবেদনকারী ওবাইদুল্যাহ আল মামুন সাকিব বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা অনুসারে এমএফএস (বিকাশ, নগদ ও রকেট) সেবা ব্যাংক হিসাব নেই অর্থাৎ ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা এমন ব্যক্তিদের জন্য চালু করা হয়েছে। অথচ এ ক্ষেত্রে অতিরিক্ত সার্ভিস চার্জ আরোপ করা হচ্ছে, যা প্রবিধানের ২ ও ৯ বিধির পরিপন্থি। 

আরও পড়ুন

×