ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সেন্টমার্টিন পরিবহনে দুর্ঘটনা

আহত আইনজীবীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আহত আইনজীবীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ২২:২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনায় আহত হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরানকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ নির্দেশনা জারি করেন।

একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে করা আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সেন্টমার্টিন পরিবহনটি (ঢাকা মেট্রো বি-১২-২৮৮১) চলাচলের সব রুট পারমিট ও লাইসেন্স বাতিল, সড়কের নির্ধারিত গতিবিধি মেনে চলতে পদক্ষেপ গ্রহণ, পরিবহনের দৃশ্যমান স্থানে গাড়ির ফিটনেস সার্টিফিকেট স্থাপন ও এ বিষয়ে কিউআর কোড স্থাপন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতেও রুল জারি করা হয়েছে।

পাশাপাশি রুলে সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সমন্বয়ে কুইক রেসপন্স টিম গঠন, সড়কে পরিবহনের বেপরোয়া গতি কমাতে প্রতিটি পরিবহনের ভেতরে-বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপন, সিঙ্গেল চেসিসে ডাবল ডেকের বাসে রূপান্তর করার বিষয়ে বিবাদীদের ব্যর্থতা সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

জানা গেছে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইফাদ মোটরসের মালিকানাধীন সেন্টমার্টিন পরিবহন রাত ২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়া বাজার থানা এলাকায় দুর্ঘটনায় পড়ে। ওই দুর্ঘটনায় রিটকারী আইনজীবীর বাঁ পাশের পাঁজরের পাঁচটি হাড়ে ফ্র্যাকচারসহ মানসিক ও শারীরিক নানা জটিলতা দেখা দেয়। 

আরও পড়ুন

×