প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করল সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন
রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৮:২২
চলমান গ্যাস সংকট বিবেচনায় সরকারের পাশে দাঁড়াতে ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছে 'বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’।
দীর্ঘদিনের দাবি-দাওয়া ও সমস্যা সমাধানের সুনির্দিষ্ট প্রস্তাব না পাওয়ায় আগামী ৩০ জুলাই প্রতীকী ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন সংগঠনের নেতারা। তবে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের দুর্ঘটনার কারণে সৃষ্ট গ্যাস সংকটে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামী ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছে সংগঠনটি।
সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এই ঘোষণা দেন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী। এসময় অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর, সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরস্থ আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ৩০ জুলাই এক দিনের প্রতীকী ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।
ওই সংবাদ সম্মেলনে বলা হয়, ধারাবাহিক গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির বাজারে দীর্ঘ এক দশক ধরে সিএনজি বিক্রির ওপর মার্জিন বা কমিশন না বাড়ানোয় ‘চরম সংকটে পড়েছেন’ দেশের সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। বারবার দাবি জানিয়েও কোনো সাড়া পাননি তারা।
দাবি আদায় না হলে আগামী ৩০ জুলাই এক দিনের প্রতীকী ধর্মঘট পালন করবেন সিএনজি স্টেশন মালিকরা। এরপরও কোনো সাড়া না পাওয়া গেলে আগামী ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেয় সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন।
- বিষয় :
- সিএনজি ফিলিং স্টেশন
- ধর্মঘট
- প্রত্যাহার