শ্রমবাজার নিয়ে আলোচনা এগিয়ে নিতে মন্ত্রী, উপদেষ্টা মালয়েশিয়ায়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০২:১৯
শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের উন্মুক্ত করার আলোচনা এগিয়ে নিতে সোমবার রাতে মালয়েশিয়া গিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তারা। আজ মঙ্গলবার মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এদিকে, মন্ত্রী ও উপদেষ্টার এ সফর ঘিরে মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন)। সংগঠনটির দাবি, মালয়েশিয়ার শ্রমবাজারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারি সফর সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন।
বাংলাদেশি কর্মীদের জন্য ২০২৪ সালের জুনের প্রথম দিন থেকে বন্ধ রয়েছে রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সেবার সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সম্প্রতি সরকার ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে।
গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। আবারও মালয়েশিয়ার বাছাই করা এজেন্সির মাধ্যমে বাংলাদেশ কর্মী পাঠাতে রাজি হতে পারে বলে গুঞ্জন রয়েছে জনশক্তি খাতে। আগের দুইবার এই শর্তের কারণেই সিন্ডিকেট হয়েছিল। কর্মী প্রতি ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হলেও, গড়ে আদায় করা হয় ৫ লাখ ৪৪ হাজার টাকা।
- বিষয় :
- শ্রমবাজার
- মালয়েশিয়া
- আরিফুল হক চৌধুরী