ঢাকা-নারিতা রুটে বিমানের সরাসরি ফ্লাইট ফের চালু
আর বন্ধ হবে না, বললেন মন্ত্রী
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০৫:৩৩
এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা থেকে জাপানের নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে বিমানের বিজি-৩৭৬ একটি ফ্লাইট জাপানের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যায়।
রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের এই ফ্লাইট আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ না।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিমান ও বেসামরিক বিমান চলাচল সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানমন্ত্রী বলেন, সরকার আশা করছে, এই রুটে পুনরায় ফ্লাইট চালু হওয়ায় বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি বলেন, ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
তিনি আরও বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘জাপানপ্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনায় রেখে আমরা ফ্লাইটটি চালু করেছি। ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয় সেজন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।’
এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় এবং ফিতা কেটে ফ্লাইটের উদ্বোধন করেন।