ময়লার টেন্ডার ও ফুটপাত দখল নিয়ে বিরোধে বাবুকে হত্যার ছক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০৮:৩৩
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর কাফরুলে যুবদলকর্মী ইউসুফ বেপারীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজের পরিকল্পনায় এ ঘটনা ঘটে। তিনি কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকার চুক্তিতে শুটার ভাড়া করেন। তবে সেদিন গুলিতে মারা যান ইউসুফ।
গ্রেপ্তারকৃতরা হলেন নাহিদ হাসান, শাফিন আহমেদ, জিয়ারুল মোল্লা, আলী হোসেন, জিহাদ মোল্লা, মাসুম বিল্লাহ ও আবির হাওলাদার। ধারাবাহিক অভিযানে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি ও কাফরুল থানা পুলিশ। এর আগে ঘটনার পরপরই চঞ্চল মোল্লা নামে শুটারকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।
এ বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। এতে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এলাকার ময়লার টেন্ডার, ফুটপাত দখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে যুবদল নেতা বাবুকে হত্যার পরিকল্পনা করেন হাফিজ। তবে ঘটনাচক্রে অস্ত্রধারীদের গুলিতে যুবদলকর্মী ইউসুফ নিহত এবং দুজন গুরুতর আহত হন।
তিনি জানান, হত্যার মিশনে ১১ জন অংশ নেয় বলে জানা গেছে। তাদের মধ্যে সরাসরি জড়িত চার শুটারসহ আটজনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক মূল পরিকল্পনাকারী হাফিজ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, যুবদল নেতা বাবুকে হত্যার জন্য হাফিজ তাদের ঝিনাইদহ ও মাগুরা থেকে ভাড়া করে আনেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইউসুফ হত্যার ঘটনায় তাঁর বড় ভাই কাফরুল থানায় মামলা করেন। এর পরপরই ডিবি মিরপুর বিভাগ ও কাফরুল থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় গত শনিবার ডিবি মিরপুর এলাকা থেকে নাহিদ হাসান ও শাফিন আহমেদকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া থেকে জিয়ারুল এবং মিরপুর থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে কাফরুল থানা
পুলিশ শরীয়তপুর থেকে জিহাদ মোল্লা এবং যশোরের বাঘারপাড়া থেকে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত আবির হাওলাদারকে গণপিটুনির পর স্থানীয়রা কাফরুল থানায় সোপর্দ করেছিল।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের বরাতে ডিবি জানায়, গত ২৯ জুন পেশাদার খুনি হাসান, জিয়ারুল, চঞ্চল, জিহাদসহ অজ্ঞাত আরও দুই-তিনজন ঢাকায় আসেন। তারা মিরপুর-১০ নম্বরের বৈশাখী হোটেলে ওঠেন এবং পরে সিএনজি হাফিজের গ্যারেজে বৈঠক করেন। তখন আবির হাওলাদারের কাছ থেকে দুটি পিস্তল নিয়ে সেখানে হাজির হন হাফিজের ম্যানেজার নাহিদ। হাফিজ অস্ত্রে গুলি ভরার সময় একটি পিস্তল থেকে মিসফায়ার হলে সেদিন হত্যার পরিকল্পনা স্থগিত করা হয়। তবে অভিযুক্তরা হাফিজুল ইসলাম বাবুর অফিসের আশপাশে গিয়ে তাঁকে শনাক্ত করেন। সেইসঙ্গে হাফিজের কাছ থেকে অগ্রিম ৫০ হাজার টাকা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান। ২২ জুলাই হাফিজের নির্দেশে তারা পুনরায় ঢাকায় এসে মিরপুর-২ নম্বরের সোনালী হোটেলে ওঠেন। এরপর ২৩ জুলাই সন্ধ্যায় পূর্বপরিকল্পনা অনুযায়ী সবাই হাফিজের গ্যারেজে একত্রিত হন। সেখানে নাহিদের কাছ থেকে জিহাদ গুলিভর্তি দুটি পিস্তল নিয়ে একটি জিয়ারুল এবং অপরটি চঞ্চলের কাছে হস্তান্তর করেন। পরে জিয়ারুল, চঞ্চল, হাসান, জিহাদ, মাসুম বিল্লাহসহ অজ্ঞাত দুই-তিনজন বাবুকে হত্যার উদ্দেশ্যে তাঁর অফিসের সামনে অবস্থান নেন। হাফিজের কর্মচারী শাফিন এবং জিয়ারুলের আত্মীয় আলী হোসেন ঘটনাস্থল রেকি, আসামিদের পালিয়ে যেতে সহায়তা এবং ঘটনার পর পুলিশের তৎপরতা ও এলাকার পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সরবরাহের দায়িত্ব পালন করেন।
গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে কাফরুলের ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশে লিংক রোডে বাবু তাঁর কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। তখন অপরিচিত কয়েকজনকে সন্দেহ হলে তিনি পরিচয় জানতে চান। একপর্যায়ে তল্লাশির চেষ্টা করলে তাদের একজন পিস্তল বের করে গুলি চালায়। এতে ইউসুফ গুলিবিদ্ধ হয়ে মারা যান। সবজি বিক্রেতা নালাম সরদার ও মনির হোসেন আহত হন।
এ ঘটনায় সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা? এমন প্রশ্নে ডিবিপ্রধান বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে তাদের সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করা হবে।
এদিকে হত্যাকাণ্ডের পেছনে শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ও ইব্রাহিমের যোগসাজশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখন
পর্যন্ত তাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে অপরাধীরা নিজেদের প্রভাবশালী হিসেবে তুলে ধরতে অনেক সময় শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে।
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু সমকালকে বলেন, ময়লার টেন্ডার বা ফুটপাত দখল নিয়ে বিরোধের কথা পুরোপুরি মিথ্যা। হাফিজ শুটার ভাড়া করেছেন, কিন্তু তাঁর সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তিনি অন্য কারও হয়ে কাজ করেছেন। তাঁকে পেলে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
অভিযুক্ত কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
- বিষয় :
- টেন্ডার