ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগ আমলে তিন বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের ন্যায্য পাওনার দাবি

১০ আগস্টের মধ্যে সমাধান না হলে কর্মসূচির হুঁশিয়ারি

আ.লীগ আমলে তিন বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের ন্যায্য পাওনার দাবি
×

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত তিন বাহিনীর সদস্যরা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৮:১২

আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ন্যায্য পাওনা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। আগামী ১০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান চাকরিচ্যুত সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সার্জেন্ট পলাশ চৌধুরী। তিনি দাবি করেন, ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসাসহ ছোটখাটো বিভিন্ন অভিযোগকে বড় করে দেখিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় ৪০০ সদস্যকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে তারা বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার ও প্রতিহিংসার কারণে বহু সাধারণ সৈনিক অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন। অনেকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, আবার অনেককে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে। তাদের অভিযোগ, সামরিক বাহিনীর বিদ্যমান বিচারব্যবস্থায় অভিযোগকারীই তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ফলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে অভিযুক্ত সৈনিকরা আত্মপক্ষ সমর্থনের কার্যকর সুযোগ পান না।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বর্তমান সরকার ইতোমধ্যে প্রায় ১৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার পুনর্বাসন, পদোন্নতি ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে এবং আরও বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে পর্যালোচনার জন্য দ্বিতীয় পুনর্বিবেচনা বোর্ডও গঠন করেছে। তবে একই ধরনের পরিস্থিতির শিকার প্রায় ৪৫০ জন সাধারণ সৈনিকের জন্য এখনো কোনো স্বাধীন ও নিরপেক্ষ পুনর্বিবেচনা বোর্ড গঠন করা হয়নি, যা তাদের মতে বৈষম্যমূলক।

চাকরিচ্যুত সদস্যরা বলেন, তারা কোনো বিশেষ সুবিধা বা করুণা চান না। রাষ্ট্রের কাছে তাদের একমাত্র দাবি, অন্যায়ভাবে চাকরিচ্যুত সাধারণ সৈনিকদের জন্যও একটি স্বাধীন পুনর্বিবেচনা বোর্ড গঠন, শারীরিক সক্ষমতা অনুযায়ী কর্মস্থলে পুনর্বহাল এবং ন্যায্য পাওনা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে নৌবাহিনীর চাকরিচ্যুত পেটি অফিসার আবদুল হাকিম, সার্জেন্ট মো. সালাউদ্দিন ও সেনাসদস্য মো. আরিফসহ অন্যরা বক্তব্য দেন।

আরও পড়ুন

×