বড় সংস্কারের উদ্যোগ
ফিলিপাইনের আদলে হবে নার্সিং শিক্ষার কারিকুলাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৭:৪৩ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ১৭:৪৩
দেশের নার্সিং শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। তিন বছরের ডিপ্লোমাভিত্তিক শিক্ষা থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক মানের দক্ষ নার্স তৈরির লক্ষ্যে কারিকুলাম আধুনিকায়ন, স্কিলস ও সিমুলেশন ল্যাব স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ এবং ফিলিপাইনের সঙ্গে কারিগরি সহযোগিতার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ফিলিপাইন সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করতে হলে শুধু চিকিৎসক নয়, নার্স, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
বর্তমানে দেশে প্রায় ১ লাখ ২১ হাজার নার্স রয়েছেন। প্রায় ৪৫০টি নার্সিং কলেজের মধ্যে ৭৩টি সরকারি। প্রতিবছর ২৫ থেকে ৩০ হাজার শিক্ষার্থী নার্সিং শিক্ষা শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেও তাদের দক্ষতার মান আন্তর্জাতিক পর্যায়ের তুলনায় এখনও অনেক পিছিয়ে।
জিয়াউদ্দিন হায়দার বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই এখন তিন বছরের ডিপ্লোমা নেই; চার বছরের ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন নার্সিংই মূলধারা। এ বাস্তবতা বিবেচনায় সরকার ফিলিপাইনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ফিলিপাইনে গিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রফেশনাল রেগুলেশন কমিশন (পিআরসি), হায়ার এডুকেশন কমিশন এবং কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক করেছে। সেখানে নার্সিং শিক্ষা, লাইসেন্সিং, মান নিয়ন্ত্রণ ও পেশাগত নিয়ন্ত্রণব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করা হয়।
জিয়াউদ্দিন হায়দার বলেন, ফিলিপাইন বিশ্বের অন্যতম দক্ষ নার্স রপ্তানিকারক দেশ। সেখানকার চার বছরের নার্সিং ডিগ্রিধারীরা সহজেই যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য দেশে কর্মসংস্থানের সুযোগ পান। বাংলাদেশও একই ধরনের দক্ষ জনশক্তি গড়ে তুলতে চায়।
সরকারি ৭৩ কলেজে শুরু হবে সংস্কার
প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রথম ধাপে সরকারি ৭৩টি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে কারিকুলাম আধুনিকায়ন করা হবে। বর্তমানে চালু থাকা ‘কনটেন্টভিত্তিক’ পাঠ্যক্রমকে ‘কম্পিটেন্সিভিত্তিক’ পাঠ্যক্রমে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রতিটি প্রতিষ্ঠানে আধুনিক অডিও-ভিজ্যুয়াল ক্লাসরুম, স্কিলস ল্যাব ও সিমুলেশন ল্যাব স্থাপন এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। ফিলিপাইনের বিশেষজ্ঞদের এনে মাস্টার ট্রেইনার তৈরি করার পরিকল্পনাও রয়েছে। এডিবি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই প্রকল্প প্রস্তুতে সহায়তা করবে এবং অর্থায়নের বিষয়েও ইতিবাচক সম্মতি দিয়েছে।
ডিপ্লোমা থেকে চার বছরের ডিগ্রিতে যাওয়ার ভাবনা
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কোর্স তিন বছরের ডিপ্লোমা। তবে দেশে চার বছরের বিএসসি, মাস্টার্স ও পিএইচডি কোর্সও রয়েছে।
তিনি বলেন, ফিলিপাইন, কম্বোডিয়ার সঙ্গে সরকার-টু-সরকার সহযোগিতার মাধ্যমে তিন বছরের ডিপ্লোমাধারীদের জন্য ‘ব্রিজিং প্রোগ্রাম’ চালু করেছে। বাংলাদেশেও একই ধরনের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠানের জন্যও আসছে নতুন মানদণ্ড
বেসরকারি নার্সিং কলেজগুলোর মান নিয়েও সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্যসচিব। তিনি বলেন, চার বছরের নার্সিং ডিগ্রি পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষক, স্কিলস ল্যাব ও সিমুলেশন ল্যাবসহ একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সেই মান পূরণ করতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চার বছরের ডিগ্রি পরিচালনার অনুমতি হারাতে পারে। একইভাবে বেসরকারি মেডিকেল কলেজগুলোর জন্যও নতুন মানদণ্ড তৈরি করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, জমির পরিমাণ, অবকাঠামো, শ্রেণিকক্ষ ও শিক্ষকসংখ্যাসহ বিভিন্ন বিষয় যাচাই করে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।