বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হলেন শাহ এমরান
অধ্যাপক ড. মো. শাহ এমরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ২০:২২
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর আওতায় চার বছরের জন্য তাঁকে এ দায়িত্বে নিয়োগ দেয়।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে মোট তিনজন পূর্ণকালীন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে অধ্যাপক শাহ এমরান একজন।
অধ্যাপক শাহ এমরান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। শিক্ষকতায় যোগ দেওয়ার আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইউনিক ফার্মাসিউটিক্যালসে প্রোডাকশন ফার্মাসিস্ট এবং জেসন ফার্মাসিউটিক্যালসে কোয়ালিটি অ্যাশিওরেন্স কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
গবেষণা ক্ষেত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে তাঁর ১৭৫টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ১৬টি বই এবং পাঁচটি বইয়ের অধ্যায়ের রচয়িতা। তাঁর তত্ত্বাবধানে ২৩ জন এমফার্ম, পাঁচজন এমফিল এবং ছয়জন পিএইচডি গবেষক গবেষণা সম্পন্ন করেছেন।
অধ্যাপক শাহ এমরান ২০২৫ সালে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অধ্যাপক হিসেবে যোগ দেন।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশনের দায়িত্বপ্রাপ্ত একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর অধীনে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এবং তাদের শিক্ষা কার্যক্রমের অ্যাক্রেডিটেশন প্রদান করে। সংবাদ বিজ্ঞপ্তি