দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইউএস-বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ০৮:৪৫
| প্রিন্ট সংস্করণ
বহরে ২১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ জন্য প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে তারা। গতকাল বুধবার রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ ও ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘অভ্যন্তরীণ এয়ারলাইন্স হিসেবে যাত্রা করে ইউএস-বাংলা এখন বাংলাদেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক ক্যারিয়ারে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে ২৪ মিলিয়ন যাত্রীসেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে। বাড়তে থাকা এই চাহিদা পূরণে ইউএস-বাংলার ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ একই সঙ্গে প্রতিমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘বোয়িং ৭৩৭ উড়োজাহাজ লিজ নেওয়ার এই চুক্তি শুধু একটি এয়ারলাইন্সের বহর বাড়ানোর উদ্যোগ নয়; এটি বাংলাদেশের একটি বিনিয়োগ।’ বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ বলেন, ‘আধুনিক ও জ্বালানিসাশ্রয়ী বোয়িং উড়োজাহাজ যুক্ত করার মাধ্যমে ইউএস-বাংলা প্রবৃদ্ধির নতুন ধাপে প্রবেশ করছে।’
অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দেশের আকাশপথের বাজারে এখনও প্রায় ৭০ শতাংশ যাত্রী বিদেশি এয়ারলাইন্স বহন করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে দেশি এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় অংশ দেশে রাখা সম্ভব হবে।’ নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, নিজস্ব অর্থায়নে পাইলট ও এয়ারক্রাফট প্রকৌশলী তৈরির উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা।
- বিষয় :
- ইউএস-বাংলা