তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর
সার্জিও গর। ছবি: রয়টার্স
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১২:৪৭ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ১২:৫৪
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন। তিন দিনের সফরে আজ দুপুরে ঢাকায় অবতরণ করবেন তিনি। শুক্রবার রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখতে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে তার।
কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করা গর ঢাকায় তার অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সফরের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির অগ্রাধিকার সম্পর্কে মার্কিন প্রশাসনের কাছে একটি পরিষ্কার ধারণা পাওয়া।
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, এবং বর্তমান সরকারের অধীনে সেই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরের মাধ্যমে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা উভয় দেশের।
এ বছরের জানুয়ারিতে সার্জিও গর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপালসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।
এর আগে নেপাল ও শ্রীলঙ্কা সফর করেন গর।
- বিষয় :
- মার্কিন যুক্তরাষ্ট্র