পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সিসিবির প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৮:৩৮
কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের (সিসিবি) একটি প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিসিবির সভাপতি এবং মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরীন ফাতেমা আওয়াল।
সাক্ষাৎকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানান এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ ও বহুমাত্রিক সহযোগিতা জোরদারে অনারারি কনসালদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সিসিবির সহ-সভাপতি ও সাইপ্রাসের অনারারি কনসাল শাহাব সাত্তার, সহ-সভাপতি ও পর্তুগালের অনারারি কনসাল শাখাওয়াত হোসেন, মহাসচিব ও ক্রোয়েশিয়ার অনারারি কনসাল কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক ইশমাম, নির্বাহী কমিটির সদস্য ও লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক (লাও পিডিআর)-এর অনারারি কনসাল জেনারেল আরিক মোরশেদ এবং নির্বাহী কমিটির সদস্য ও এসওয়াতিনির অনারারি কনসাল মোর্শেদুল আলম চাকলাদার।
বৈঠকে অনারারি কনসালদের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন, আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়। এ ছাড়া সরকারের সঙ্গে অধিকতর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কনস্যুলার কর্পসের ভবিষ্যৎ কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কেও আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদল আন্তরিক অভ্যর্থনা ও সৌহার্দ্যপূর্ণ আতিথেয়তার জন্য পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের জাতীয় উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পরিসরে দেশের ভাবমূর্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
- বিষয় :
- পররাষ্ট্র উপদেষ্টা
- সাক্ষাৎ