ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিমকোর্টে প্রবেশে বাধা, সাংবাদিকদের অবস্থান কর্মসূচি ১২ আগস্ট

সুপ্রিমকোর্টে প্রবেশে বাধা, সাংবাদিকদের অবস্থান কর্মসূচি ১২ আগস্ট
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ২১:৪৩

সর্বোচ্চ আদালতে সাংবাদিকদের প্রবেশে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে আগামী ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাংবাদিক সমাজ। 

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) যৌথ সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আদালতে সাংবাদিকদের নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন এলআরএফ সভাপতি মুহাম্মদ ইয়াছিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত মুন্না। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। সভায় এলআরএফের বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ সদস্যরা বক্তব্যে দেন। 

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশ ও বিচার কার্যক্রম পর্যবেক্ষণ একটি প্রতিষ্ঠিত চর্চা। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ২৫ জন প্রধান বিচারপতির আমলে সাংবাদিকরা আদালতে প্রবেশ করে শুনানি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশ করে আসছেন। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টসহ কয়েকটি আদালতে সাংবাদিকদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যা জনগণের তথ্য জানার সাংবিধানিক অধিকারের পরিপন্থি।

বক্তারা অভিযোগ করেন, আদালতের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংবাদকর্মীদের প্রবেশে বাধা সৃষ্টি হলে বিচারব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হবে। জনগণের তথ্য পাওয়ার অধিকারও সীমিত হয়ে পড়বে। এ পরিস্থিতিতে দ্রুত বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।

সভা থেকে আগামী ১২ আগস্টের অবস্থান কর্মসূচি সফল করতে সম্পাদক পরিষদ, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ ও তাদের সমর্থন আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

×