তদবির বন্ধে গণপূর্ত অধিদপ্তরে লটারির মাধ্যমে বদলি
৭৬৭ উপসহকারী প্রকৌশলীকে বিভিন্ন বিভাগে পদায়ন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ০১:৫২
উৎকোচ বাণিজ্য ও তদবির বন্ধে লটারির মাধ্যমে কর্মকর্তাদের বদলির উদ্যোগ নিয়েছে গণপূর্ত অধিদপ্তর। এ পদ্ধতিতে গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে বদলি করা হয়েছে।
অধিদপ্তর বলছে, লটারির মাধ্যমে বদলির ফলে স্বচ্ছতা ও নিরপেক্ষতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো। অন্যান্য পদেও পর্যায়ক্রমে লটারির মাধ্যমে বদলি করা হবে। লটারির সময় উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, লটারি প্রক্রিয়ায় বদলি কার্যক্রমের মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।
লটারির মাধ্যমে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩, চট্টগ্রামে ১৩৩, খুলনায় ৭৪, বরিশালে ৪৪, সিলেটে ৩৩, ময়মনসিংহে ২৯ এবং রংপুর বিভাগে ৬৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান ও ফৌজিয়া খান, অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- গণপূর্ত অধিদপ্তর
- লটারি
- বদলি