তিন দিনের জাতীয় হজ ও ওমরাহ মেলা শুরু
বুকিং দিলেই মিলছে ছাড়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ০৩:১১
রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এটি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আগামীকাল শনিবার পর্যন্ত চলবে এই মেলা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীদের সঙ্গে কোনো প্রতারণা বা দুর্নীতি সরকার বরদাশত করবে না। এ ধরনের অভিযোগ পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ২০২৭ সালের হজযাত্রাকে আরও সাশ্রয়ী, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। হজ ব্যবস্থাপনায় ছোটোখাটো ত্রুটি বা বিচ্যুতিকে অতিরঞ্জিত না করে ধৈর্য ও সহযোগিতার মনোভাব নিয়ে বিষয়গুলো দেখার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব হজের খরচ কমানো হয়েছে। এখন দেশের পক্ষ থেকে ব্যয় কমানোর সুযোগ খুবই সীমিত। তবে সৌদি আরব আরোপিত বিভিন্ন চার্জ কমানো গেলে ব্যয় আরও কমানো সম্ভব।
তিনি জানান, সৌদি আরব হজযাত্রীপ্রতি বিমানবন্দর চার্জসহ বিভিন্ন ধরনের ফি আদায় করে। এসব চার্জ কমানো গেলে একজন হজযাত্রীর মোট ব্যয় ৪০ হাজার থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত কমে আসতে পারে। পাশাপাশি বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। রশিদুজ্জামান মিল্লাত বলেন, এ বিষয়ে ইতোমধ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে সৌদি আরবের ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।
হজযাত্রীদের আবাসনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ডি’ ক্যাটেগরির পরিবর্তে ‘সি’ ক্যাটেগরির সুবিধা নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে ‘ডি’ ক্যাটেগরির ভাড়ায় ‘সি’ ক্যাটেগরির সুবিধা নিশ্চিত করার বিষয়েও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
অনুষ্ঠানে ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা প্রতারণা হলে দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, কিছু অসাধু ব্যক্তি ও দালাল নিরীহ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে হয়রানি করছে। অনেককে প্রতিশ্রুতি অনুযায়ী হোটেলে রাখা হয় না, প্রয়োজনীয় সেবাও দেওয়া হয় না। কোনো বৈধ হজ এজেন্সি যদি হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করে, তাহলে হাব ও ধর্ম মন্ত্রণালয় যৌথভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে হাব ও ধর্ম মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের জাতীয় হজ ও ওমরাহ মেলা উদ্বোধনের কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি থাকতে পারেননি।
এবারের জাতীয় হজ ও ওমরাহ মেলায় মোট ১৬৩টি স্টল অংশ নিয়েছে। বিভিন্ন হজ এজেন্সি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এসব স্টলে হজ ও ওমরাহ-সংক্রান্ত প্যাকেজ, সেবা এবং প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করছে। বুকিং দিলে মিলছে ছাড়। দর্শনার্থীরা বিভিন্ন এজেন্সির সেবা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা পাচ্ছেন।